জামালপুরের মেলান্দহে ইয়াবাসহ গ্রেফতার হওয়ায় দল থেকে বহিষ্কার হয়েছেন সোলায়মান (২৮) নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মোমেন আকন্দ কাউসার ও সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বহিষ্কৃত ওই নেতা ৩ নম্বর মাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন।
এর আগে ৫ আগস্ট সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলার কড়ইচূড়া ইউনিয়নের নলছিয়া এলাকা থেকে ৮০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩ নম্বর মাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোলায়মানকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী এবং অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় স্বেচ্ছাসেবক দল থেকে তাকে বহিষ্কার করা হলো।
এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মোমেন আকন্দ কাউসার বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমে যুক্ত থাকায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।



