শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকায় আন্দোলনরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশের অতর্কিত হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় জুলাইযোদ্ধাদের উদ্যোগে জেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে একটি মশাল মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে নারিকেল বাগান এলাকায় অরণ্য বিলাস সংলগ্ন তিন রাস্তার মোড়ে এসে পৌঁছায়।
এ সময় নারিকেল বাগান এলাকার চত্বরটিকে ‘হাদি চত্বর’ নামে নামকরণ করেন আন্দোলনকারী জুলাইযোদ্ধারা। পরে মিছিলটি পুনরায় শাপলা চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জুলাইযোদ্ধা মো: জাহিদ, মো: জালাল, এনসিপির জেলা আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম শাহ নেওয়াজ প্রমুখ।
সমাবেশে বক্তারা পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলায় জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে তারা অবিলম্বে হাদি হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।



