নিকলীতে বালু উত্তোলনে বাধা দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

বালু উত্তোলনে বাধা দেয়াকে কেন্দ্র করে হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কাছুম আলী অসুস্থ হয়ে গেলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

Location :

Kishoreganj
ফাইল ছবি

কিশোরগঞ্জের নিকলীতে ঘোড়াউত্রা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনে বাধা দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কাছুম আলী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দু’জন আহত হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ছাতিরচর ইউনিয়নের ছাতিরচর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাছুম ছাতিরচর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মনর উদ্দিনের ছেলে। আহতরা হলেন রমিজ মেম্বার ও হিরু মিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছাতিরচর দক্ষিণপাড়া গ্রামের জুম্মনের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ঘোড়াউত্রা নদীর সরফি কান্দা এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। কিছুদিন ধরে কাছুম আলীসহ স্থানীয় কয়েকজন এর প্রতিবাদ করে আসছিলেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।

এরই জেরে, শনিবার গভীর রাতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় কাছুম আলী অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রমিজ মেম্বার ও হিরু মিয়াও আহত হন।

ছাতিরচর ইউনিয়ন পরিষদের দফাদার নাজমুল ইসলাম বলেন, ‘কাছুম ও রমিজ অবৈধ বালু উত্তোলনে বাধা দিয়েছিলেন। পরে রাতে তাদের ওপর হামলা হয়। এতে কাছুম মারা যান এবং আরো দু’জন আহত হন।’

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনকে কেন্দ্র করে রাতে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে কাছুম আলী অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ওসি আরো বলেন, ‘লাশে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’