জমজ সন্তান রেখে ভোট দিতে যান মা, পুকুরে ডুবে একজনের মৃত্যু

ভোট দিয়ে ফিরে এসে হুসাইনকে ঘরে পেলেও শিশুর মা হাসানকে ঘরে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন।

হুসাইন মালিক, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
প্রতীকী ছবি

জমজ সন্তান বাড়িতে রেখে ভোট দিয়ে গিয়েছিলেন এক মা। কিন্তু ভোট দিয়ে এসে এক সন্তানকে পান পানিতে মৃত অবস্থায়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামে শিশুটির নানাবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত হাসান (৩) আলমডাঙ্গা উপজেলার শেখপাড়া গ্রামের ইসরাইল হোসেনের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ইসরাইল হোসেনের স্ত্রী তার জমজ দুই সন্তানকে নিয়ে বাবার বাড়ি লাল্টু মালিথার বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা ভোট দিতে কেন্দ্রে যান। এসময় দুই জমজ শিশু হাসান-হুসাইনকে বাড়িতেই রেখে যাওয়া হয়।

ভোট দিয়ে ফিরে এসে হুসাইনকে ঘরে পেলেও শিশুর মা হাসানকে ঘরে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির নিথর দেহ ভাসতে দেখা যায়।

স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশীরা জানান, হাসান ছিল খুবই প্রাণবন্ত ও চঞ্চল স্বভাবের। মায়ের ভোট দিতে যাওয়ার স্বল্প সময়ের মধ্যেই এমন দুর্ঘটনা ঘটায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।