মাদারগঞ্জে বেশি দামে পেট্রোল বিক্রির অভিযোগে জরিমানা

কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় জ্বালানি তেলের বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এতে সাধারণ ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

Location :

Madarganj
জ্বালানি অবৈধ মজুদের সন্ধানে বাসাবাড়িতে উপজেলা প্রশাসনের অভিযান
জ্বালানি অবৈধ মজুদের সন্ধানে বাসাবাড়িতে উপজেলা প্রশাসনের অভিযান |নয়া দিগন্ত

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের মাদারগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রির অভিযোগে ‘যমুনা মোটরস’ নামে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একইসাথে অবৈধ মজুদের সন্ধানে উপজেলার বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে ঝটিকা অভিযান চালানো হয়েছে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৪০ ধারায় প্রতিষ্ঠানটির দুই স্বত্বাধিকারী রঞ্জু ও মঞ্জুকে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, খোলা বাজারে দীর্ঘদিন ধরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অভিযোগের ভিত্তিতে ‘যমুনা মোটরস’-এ অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়।

অভিযান চলাকালে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদে উঠে আসে, বাজারের বাইরে বিভিন্ন বাসাবাড়িতে অবৈধভাবে পেট্রোল মজুদ করে রাখা হচ্ছে। পরে ওই তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় সম্ভাব্য মজুদের উৎস খুঁজে বের করতে তল্লাশি চালানো হয় এবং জড়িতদের কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযান শেষে ইউএনও সুমন চৌধুরী সাংবাদিকদের বলেন, কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় জ্বালানি তেলের বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এতে সাধারণ ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, নির্ধারিত মূল্যের বেশি দামে জ্বালানি বিক্রি কিংবা অবৈধ মজুদদারির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।