ভূরুঙ্গামারীতে বিপদসীমার দুই সেন্টিমিটার নিচে দুধকুমারের পানি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দুধকুমার নদের পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। গত ২৪ ঘণ্টায় দুধকুমার নদের পানি ৭৬ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার মাত্র দুই সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

Location :

Bhurungamari
ভূরুঙ্গামারীতে বিপদসীমার দুই সেন্টিমিটার নিচে দুধকুমারের পানি
ভূরুঙ্গামারীতে বিপদসীমার দুই সেন্টিমিটার নিচে দুধকুমারের পানি |নয়া দিগন্ত

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দুধকুমার নদের পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। গত ২৪ ঘণ্টায় দুধকুমার নদের পানি ৭৬ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার মাত্র দুই সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড বলছে, কুড়িগ্রামের নদ-নদীর পানি আরো বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এতে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। উপজেলা প্রশাসন জানিয়েছে, বন্যা পরিস্থিতি মোকাবিলায় শুকনো খাবার ও মেডিক্যাল টিম প্রস্তুত রয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, রোববার (২৬ জুন) রাত ৯টায় দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে ২৯ দশমিক ৫৮ সেন্টিমিটার রেকর্ড করা হয়েছে।

গতকাল শনিবার দুপুর ৩টায় যা ছিল ২৮ দশমিক ৮২ সেন্টিমিটার। দুধকুমার নদে পানির বিপদসীমা ২৯ দশমিক ৬০ সেন্টিমিটার। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চল তলিয়ে গেছে। নদীর তীরে বসবাস করা মানুষের মাঝে বন্যা ও ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে।

দুধকুমার নদের পাড়ের বাসিন্দা রিয়াজুল, মাইদুল ও ফরিদুল জানান, পানি বাড়তে থাকলে দ্রুতই চরাঞ্চল তলিয়ে যাবে। বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। নদী ভাঙন শুরু হতে পারে।

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় বিকেলে (রোববার) জরুরি মিটিং করা হয়েছে। ইউপি চেয়ারম্যানদের সার্বক্ষণিক যোগাযোগ রাখতে বলা হয়েছে। জনসাধারণকে সতর্ক করার জন্য মাইকিংয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কন্ট্রোল রুম চালু করা হয়েছে, সেই সাথে শুকনো খাবার ও মেডিকেল টিম প্রস্তুত রয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, আগামী ৭২ ঘণ্টায় জেলার নদ-নদীর পানি আরও বাড়তে পারে। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।