ধামরাইয়ে রথযাত্রা উৎসব উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা

সভায় বক্তারা রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনা, গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং রথযাত্রার নির্ধারিত রুট ও মন্দির এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhamrai

ঢাকার ধামরাইয়ে এশিয়াখ্যাত ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধবের রথযাত্রা উৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপন নিশ্চিত করতে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন। প্রধান অতিথি ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমেদ রাফি, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শামছুল ইসলাম, ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আতিকুর রহমান আতিক, ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম এবং ধামরাই মাধব মন্দির পরিচালনা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন।

এ ছাড়া সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, মন্দির পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনা, গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং রথযাত্রার নির্ধারিত রুট ও মন্দির এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি উৎসব চলাকালে পৌর এলাকার নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।