গাইবান্ধার সাঘাটায় যুবদলের সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বোনারপাড়া ইউনিয়ন শাখার সভাপতি সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে ও খুনিদের দ্রুত গ্রেফতরের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুন) জেলা ছাত্রশিবিরের উদ্যোগে স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ছাত্রশিবিরের জেলা সভাপতি ইউসুফ আল কার্যাভীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মুজাহিদ ফয়সাল, গাইবান্ধা পৌর জামায়াতের আমির ফেরদৌস আলম ফিরোজ, শিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, জেলা সেক্রেটারি ফাহিম মণ্ডল, সাবেক জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মান ও আবু হাসান আকন্দ, গাইবান্ধা সরকারি কলেজ সভাপতি মাহমুদুল হাসান মামুন প্রমুখ।
বক্তারা বোনারপাড়া ইউনিয়ন শিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান।
তারা বলেন, একজন আসামি গ্রেফতার হয়েছে, জড়িত অন্যদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচির মাধ্যমে খুনীদের গ্রেফতারে প্রশাসনকে বাধ্য করা হবে।
বক্তারা বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর সারাদেশে বহু খুন হয়েছে। খুনীদের হাত থেকে তাদের দলের নেতাকর্মীরাও রেহাই পাচ্ছে না।
উল্লেখ্য, সাঘাটা উপজেলার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি পদের নির্বাচনকে কেন্দ্র করে রোববার দুপুরে বোনারপাড়া চৌরাস্তা মোড়ে পূর্ব পরিকল্পিতভাবে হামলা করে বোনারপাড়া ইউনিয়ন শিবিরের সভাপতি সাইফুল্লাহ বারীকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় সালাউদ্দিন নামে শিবিরের আরো এক কর্মী গুরুতর আহত হয়েছেন। হামলা ও হত্যার ঘটনায় বোনারপাড়া ইউনিয়ন যুবদল আহ্বায়ক মুকুল মিয়া ও তার ছোট ভাই পলাশ, বোনারপাড়া ওয়ার্ড বিএনপির সদস্য রবিউল ইসলাম, যুবদল নেতা আশরাফ, মোনারুল ও জব্বারসহ বিএনপি ও যুবদল নেতাদের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ ওঠেছে।



