যশোরে ব্যবসায়ী আনিছ হত্যার মূল ঘাতক শাহ মাহমুদ গ্রেফতার

মুকিত নামের এক আইনজীবীর সহায়তায় শাহ মাহমুদ ভারতে পালানোর পরিকল্পনা করছিলেন। এজন্য তাকে যশোর শহরের একটি বাসায় রাখা হয়।

এম আইউব, যশোর অফিস

Location :

Jashore
গ্রেফতার শাহ মাহমুদ
গ্রেফতার শাহ মাহমুদ |নয়া দিগন্ত

যশোরের নওয়াপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী ‘জয়েন্ট ট্রেডিংয়ের’ মালিক আনিছুর রহমান হত্যাকাণ্ডের মূলহোতা শাহ মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ মে) ভোরে শহরের একটি বাসা থেকে ডিবি পুলিশ তাকে আটক করে।

গ্রেফতার শাহ মাহমুদ নওয়াপাড়া পীরবাড়ির শাহ জোনায়েদের ছেলে। তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

মামলায় উল্লেখ করা হয়েছে, ব্যবসায়ী আনিছুর রহমানের নওয়াপাড়া বাজারে ‘আনিছ প্লাজা’ নামে একটি বহুতল মার্কেট ও বসতবাড়ি রয়েছে। শাহ মাহমুদ ওই মার্কেটের একটি বাসা ভাড়া নিতে চাইলে তিনি তাকে ভাড়া দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে বিরোধের জের ধরে গত ৬ মে সন্ধ্যায় আনিছুর রহমানকে তার বাড়ির সামনে কুপিয়ে গুরুতর জখম করে শাহ মাহমুদ। পরে তাকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকেই মূল ঘাতক শাহ মাহমুদ আত্মগোপন করে ছিলেন। এ হত্যাকাণ্ডের বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে নওয়াপাড়ার ব্যবসায়ীরা আন্দোলন শুরু করেন। ব্যবসায়ীদের দাবি আমলে নিয়ে পুলিশ একাধিক টিম নিয়ে অভিযান চালায়।

পুলিশের একটি সূত্র জানায়, মুকিত নামের এক আইনজীবীর সহায়তায় শাহ মাহমুদ ভারতে পালানোর পরিকল্পনা করছিলেন। এজন্য তাকে যশোর শহরের একটি বাসায় রাখা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহ মাহমুদ হত্যাকাণ্ডে জড়িত থাকা এবং আইনজীবীর সহায়তায় পালানোর প্রস্তুতির কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।