বরগুনার আমতলীতে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে পিকআপ ভ্যানের চাকা ফেটে সেতুর সাথে ধাক্কা লেগে হেলপার নিহত ও চালক আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৬টার দিকে চুনাখালী সেতু সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজাদ মোল্লা (২৭) টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি গ্রামের আউয়ুব মোল্লার ছেলে। আহত চালক মেহেদী (২৮) একই জেলার সফিপুর উপজেলার বেথুয়া গ্রামের আব্বাস মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফার্নিচারবোঝাই একটি পিকআপ ভ্যান আমতলীর দিকে যাচ্ছিল। পথে চুনাখালী সেতুর কাছে পৌঁছালে গাড়িটির বাম পাশের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সাথে ধাক্কা লাগে। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও হেলপার গাড়ির ভেতরে আটকা পড়েন।
পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা গাড়ির দরজা কেটে তাদের উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থলেই হেলপার আজাদ মোল্লার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় চালক মেহেদীকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. নাজমুল হোসেন জানান, আজাদকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আহত অপর ব্যক্তিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, নিহতের লাশ থানায় রাখা হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।



