বরগুনায় জেলা পরিষদের ডাকবাংলো থেকে দুই শিশুসন্তান ও এক নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার বিকেলে ডাকবাংলোর পরিচ্ছন্নতাকর্মীরা পাশাপাশি দু’টি কক্ষে লাশগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের পরিচয় শনাক্ত করে বরগুনা থানা পুলিশ ও ডিবির সদস্যরা।
নিহত নারী হলেন বরগুনা শহরের কালিবাড়ী এলাকার দুলাল রায়ের স্ত্রী স্মৃতি রানী। তিনি জেলা পরিষদ ডাকবাংলোতে পার্ট টাইম (খণ্ডকালীন) ঝাড়ুদার হিসেবে কর্মরত ছিলেন। নিহত দুই শিশু হলো আরাধা বিশ্বাস (১২) ও অনুরাধা বিশ্বাস (৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ডাকবাংলোর পরিচ্ছন্নতাকর্মীরা পাশাপাশি দু’টি কক্ষে লাশগুলো দেখে পুলিশে খবর দেন। পরে বরগুনা থানা পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করেন।
ঘটনার খবর পেয়ে জেলা পরিষদ প্রশাসক মো: নজরুল ইসলাম মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ ইব্রাহিম ও পুলিশ সুপার (এসপি) মো: কুদরত-ই-খুদা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার (এসপি) মো: কুদরত-ই-খুদা জানান, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে ধারণা করা হচ্ছে আত্মহত্যা হতে পারে। তবে আরো গভীর তদন্ত শেষে ঘটনার সত্যতা নিশ্চিত করা যাবে।



