শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় ট্রলার ডুবি : প্রাণে বাঁচল ৩০ যাত্রী

ট্রলার ডুবিতে কোনো হতাহত হয়নি। যে কোস্টাল জাহাজ ধাক্কা দিয়েছে সেটি খুঁজে বের করতে অনুসন্ধান চলছে।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ
শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় ট্রলার ডুবে গেছে
শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় ট্রলার ডুবে গেছে |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কোস্টাল জাহাজের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবি গেছে। এ সময় ট্রলারে থাকা প্রায় ৩০ জন যাত্রী প্রাণে বেঁচে গেছে।

সোমবার (১৯ মে) দুপুরে জেলার টানবাজার ঘাটে এ দুঘর্টনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার দুপুর পৌনে ১টার দিকে নারায়ণগঞ্জের টানবাজার ঘাট থেকে প্রায় ৩০ জন যাত্রী নিয়ে বন্দর স্কুলঘাটে যাওয়ার সময় মাঝ নদীতে কোস্টাল জাহাজ ধাক্কা দিলে যাত্রীবাহী ট্রলারটি কাত হয়ে ডুবে যায়। এ সময় প্রাণে বাঁচতে যাত্রীরা নদীতে লাফ দিয়ে সাঁতার দিতে থাকে। এ সময় পাশ দিয়ে যাওয়া আরো দু’টি ট্রলার দ্রুত এসে তাদের উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী নাজমুল ইসলাম জানান, দুপুর পৌনে ১টার দিকে প্রায় ৩০ জন যাত্রী নিয়ে টানবাজার ঘাট থেকে বন্দর স্কুলঘাটের উদ্দেশে রওনা দেয় যাত্রাবাহী ট্রলার। তবে ট্রলারে কোনো নারী কিংবা শিশু ছিল না। ট্রলারটি মাঝ নদীতে যাওয়ার পর একটি কোস্টাল জাহাজ ধাক্কা মারে। এতে যাত্রীরা নদীতে লাফিয়ে পড়ে। পরে আরো দু’টি ট্রলার এসে তাদের উদ্ধার করে।

নারায়ণগঞ্জ সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আমিনুল ইসলাম জানান, ট্রলার ডুবিতে কোনো হতাহত হয়নি। যে কোস্টাল জাহাজ ধাক্কা দিয়েছে সেটি খুঁজে বের করতে অনুসন্ধান চলছে।