ঈদযাত্রায় যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করে রাজবাড়ীতে তিন পরিবহনকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজবাড়ী সদরের নতুন বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আশরাফুল ইসলাম।
জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনসাধারণের যাত্রাকে নিরাপদ রাখা এবং সড়ক দুর্ঘটনা রোধে রাজবাড়ী সদরের মুরগি ফার্ম এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আশরাফুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় প্রতিটি বাস কাউন্টারে তদন্তপূর্বক নির্ধারিত মূল্যের অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কি-না তা যাচাই করা হয়। সেইসাথে বিভিন্ন বাসের যাত্রীদের মতামত ও অভিযোগ যাচাই-বাছাই করা হয়।
এ সময় বিআরটিএ নির্ধারিত হারের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুসারে সপ্তবর্ণা পরিবহন ও গোল্ডেন লাইন পরিবহনকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে যাত্রীদের থেকে নেয়া অতিরিক্ত ভাড়া ফেরতের নির্দেশনা দেয়া হয়। এছাড়া একই সময় জামান বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগে এক হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আশরাফুল ইসলাম বলেন, ‘বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া যাত্রীদের থেকে নেয়ার কোনো সুযোগ নেই। আমরা আজ যাত্রীদের সাথে কথা বলে অভিযোগের ভিত্তিতে তিন পরিবহনকে ১৯ হাজার টাকা জরিমানা করেছি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’



