রাঙ্গামাটির দুর্গম বাঘাইছড়িতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাতে বিজিবির মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে ২৭ বিজিবির মারিশ্যা ব্যাটালিয়ন জীপতলী ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় তিন থেকে চারজন সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তারা দ্রুত পাহাড়ি এলাকায় পালিয়ে যান। পরে ঘটনাস্থল তল্লাশি করে একটি ৭.৬৫ বোর বিদেশি ব্রাউনিং পিস্তল, গুলি ও খালি খোসা, দেশীয় একনলা বন্দুক, চাইনিজ চাপাতি, দা, হাতুড়ি ও অন্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
বিজিবির মারিশ্যা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ‘সীমান্ত এলাকায় চোরাচালান ও অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে এবং গোয়েন্দা নজরদারি আরো জোরদার করা হয়েছে।’



