সিলেটে অত্যাধুনিক এয়ারগান উদ্ধার

র‌্যাব আরো জানায়, এয়ারগানটি কীভাবে দেশে আনা হয়েছে এবং এর সাথে কারা জড়িত, তা শনাক্তে র‌্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান।

সিলেট ব্যুরো

Location :

Sylhet
র‌্যাবের অভিযানে উদ্ধার স্পেনে তৈরি এয়ারগান
র‌্যাবের অভিযানে উদ্ধার স্পেনে তৈরি এয়ারগান |নয়া দিগন্ত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা থেকে স্পেনের তৈরি একটি অত্যাধুনিক এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব-৯।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে এয়ারগানটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‌্যাব-৯ সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা ৮টার দিকে র‌্যাবের একটি আভিযানিক দল গোলাপগঞ্জ থানার আমুড়া ইউনিয়নের শীলঘাট লম্বাগাঁও এলাকার একটি সুপারি বাগানে অভিযান চালায়। এসময় বাগানের আশপাশে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় কালো রঙের একটি অত্যাধুনিক এয়ারগান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এয়ারগানটি স্পেনের তৈরি এবং এতে টার্গেট স্কোপ ও সাইলেন্সার সংযুক্ত ছিল।

র‌্যাব জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এয়ারগানটি অবৈধভাবে আমদানি করা হয়েছে এবং জনমনে ভীতি সৃষ্টি বা অবৈধ কাজে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল। এছাড়া এ ধরনের অস্ত্র ব্যবহার ‘বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২’ অনুযায়ী নিষিদ্ধ এবং জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ।

র‌্যাব আরো জানায়, এয়ারগানটি কীভাবে দেশে আনা হয়েছে এবং এর সাথে কারা জড়িত, তা শনাক্তে র‌্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান।

রোববার (১২ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করে র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহীদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত এয়ারগানটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।