রমজান মাসে শহরকে যানজটমুক্ত রাখা এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত উচ্ছেদ অভিযান শুরু করেছে যশোর পৌরসভা।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) শহরের ব্যস্ততম চৌরাস্তা মোড় থেকে অভিযান শুরু করে এমকে রোড হয়ে দড়াটানা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, অস্থায়ী দোকানপাট ও সাইনবোর্ড অপসারণ করে পৌরসভা। অভিযানের নেতৃত্ব দেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, প্রথম দফার অভিযানে শতাধিক ফুটপাতের দোকান উচ্ছেদ করা হয়। তবে, অভিযানের খবর পেয়ে অনেক ব্যবসায়ী আগেই তাদের দোকান সরিয়ে নেন। দুপুর ২টা পর্যন্ত প্রথম দফার অভিযান শেষে দ্বিতীয় দফায় দড়াটানা হয়ে মুজিবসড়ক ও প্যারিস রোড এলাকায় অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অভিযান চলাকালে পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন বলেন, ‘শহরের ক্রমবর্ধমান যানজট নিরসন এবং পৌরবাসীর স্বাভাবিক চলাচলের পথ সুগম করাই এই অভিযানের মূল লক্ষ্য। বিশেষ করে রমজান মাসে শহরের শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি কোনোভাবেই বরদাশত করা হবে না। এ অভিযান অব্যাহত থাকবে।’



