ঈদের দিনে পদ্মাসেতুতে টোল আদায় দেড় কোটির বেশি

ঈদের দিন (২১ মার্চ) ২৪ ঘণ্টায় মাওয়া প্রান্ত দিয়ে ১০ হাজার ১১০টি যানবাহন পারাপার করা হয়। অপরদিকে জাজিরা প্রান্ত দিয়ে ৬ হাজার ৮৮৫টি যানবাহন পারাপার করা হয়।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)
সোমবার বেলা ১১টায় জাজিরা প্রান্তে পদ্মাসেতুর টোল প্লাজা
সোমবার বেলা ১১টায় জাজিরা প্রান্তে পদ্মাসেতুর টোল প্লাজা |নয়া দিগন্ত

ঈদের দিনেও পদ্মাসেতুর মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে যানবাহন পারাপার হয়েছে ১৬ হাজার ৯৯৫টি। এতে করে এদিন ২৪ ঘণ্টায় দেড় কোটি টাকার বেশি টোল আদায় হয়েছে।

এদিকে আজ সোমবার ঈদের ছুটি শেষ হতে চললেও পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

পদ্মাসেতুর অনিরীক্ষিত টোল রিপোর্টের তথ্য অনুযায়ী, ঈদের দিন (২১ মার্চ) ২৪ ঘণ্টায় মাওয়া প্রান্ত দিয়ে ১০ হাজার ১১০টি যানবাহন পারাপার করা হয়। অপরদিকে জাজিরা প্রান্ত দিয়ে ৬ হাজার ৮৮৫টি যানবাহন পারাপার করা হয়। এ দিন মোট ১৬ হাজার ৯৯৫টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৩৩ হাজার ২৫০ টাকা।

সোমবার (২৩ মার্চ) সকালে নয়াদিগন্তকে এ তথ্য নিশ্চিত করেছেন সেতু কর্তৃপক্ষের পদ্মাসেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয়।

তিনি আরো জানান, ঈদের ছুটির শেষ দিনেও আজ সোমবার পদ্মাসেতু দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কর্মস্থলে ফেরার তেমন বাড়তি চাপ শুরু হয়নি।

উল্লেখ্য, চলতি ঈদুল ফিতরে পদ্মাসেতুর মাওয়া প্রান্তে ১০টি ও জাজিরা প্রান্তে ৯টি টোলবুথসহ মোট ১৯টি টোলবুথ সার্বক্ষণিক সচলসহ টোল ব্যবস্থাপনা সুশৃঙ্খল হওয়ায় ফলে ঘরমুখো মানুষের যাত্রপথে সেতুর টোল প্লাজায় যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়নি। সেতু ব্যবহারকারীদের নির্বিঘ্নে পদ্মা পাড়ি দেয়ায় ছিল না জনভোগান্তি।