সুন্দরগঞ্জে ইউপি চেয়ারম্যানের সহায়তায় বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন

গাইবান্ধার সুন্দরগঞ্জের সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম নিজস্ব অর্থায়নে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে মানবিক অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করেছেন।

রেজাউল ইসলাম, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)

Location :

Sundarganj
ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলামের সহায়তায় বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধনী অনুষ্ঠান
ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলামের সহায়তায় বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধনী অনুষ্ঠান |নয়া দিগন্ত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়ন পরিষদের বাংলাদেশ জামায়াতে ইসলামী-সমর্থিত চেয়ারম্যান জহুরুল ইসলাম তার নিজস্ব অর্থায়নে ইউনিয়নবাসীর জন্য বিনামূল্যে মানবিক অ্যাম্বুলেন্স সেবার শুভ উদ্বোধন করা হয়েছে। ফ্রি অ্যাম্বুলেন্সে বিভিন্ন শ্রেণীর মানুষের চিকিৎসা সেবা দেয়া হবে। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে নেয়া এই উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসনীয়।

রোববার সকালে সর্বানন্দ ইউনিয়ন পরিষদ মাঠে চেয়ারম্যান জহুরুল ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের অধ্যাপক মাজেদুর রহমান সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান তুলি, সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ, সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু।

এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সামিউল ইসলাম, সর্বানন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু তাহের ও শিবির সভাপতি শাহিন মিয়া প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সর্বানন্দ ইউনিয়ন জামায়াতের আমির রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউনিয়ন পর্যায়ে বিনামূল্যে মানবিক অ্যাম্বুলেন্স সেবা চালু করা একটি সময়োপযোগী, জনবান্ধব ও প্রশংসনীয় উদ্যোগ। এই সেবার মাধ্যমে অসুস্থ, দরিদ্র ও অসহায় মানুষ দ্রুত হাসপাতালে পৌঁছে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের সুযোগ পাবেন।

চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, ‘জনগণের সেবাই আমার অঙ্গীকার। কোনো মানুষ যেন শুধু অর্থের অভাবে জরুরি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্য থেকেই এই বিনামূল্যের মানবিক অ্যাম্বুলেন্স সেবা চালু করেছি। ইউনিয়নের প্রতিটি মানুষ প্রয়োজনের সময় এই সেবা গ্রহণ করতে পারবেন। ভবিষ্যতেও জনগণের কল্যাণে এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’

পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা ফিতা কেটে মানবিক সহায়তায় ফ্রি অ্যাম্বুলেন্স সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।