সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের দেশের জনপ্রিয় পর্যটন স্পট বারেকটিলায় (বারিক্কার টিলা) প্রকাশ্যে সরকারি গাছ কেটে নিয়ে যাওয়ার ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ করে তাহিরপুর থানার মামলা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা (ডিহিভাটি, তাহিরপুর) রঞ্জন কুমার দাস মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন— বারেক টিলার আনন্দপুর গ্রামের সাবেক চেয়ারম্যান পুলক আজিম, বড়গোপ টিলার মোশারফ হোসেন মোসা, হাফিজ, মানিক, জালাল, রাতুল মারাক, শহীদ, নজরুলসহ ১৬ জন।
জানা গেছে, গত বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলা উত্তর বড়দল ইউনিয়নের বারেকটিলার ওয়াচ-টাওয়ার সংলগ্ন এলাকা থেকে তিন-চারটি গাছ কেটে নিয়ে যাচ্ছে এমন একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ হলে মুহূর্তেই তা ভাইরাল হয়।
পরে বিষয়টি তাহিরপুর উপজেলা প্রশাসনের নজরে আসলে ১২ মার্চ শক্তিয়ারখলা ভিট অফিসার রতীন্দ্র কিশোর রায় ও ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা (ডিহিভাটি, তাহিরপুর) রঞ্জন কুমার দাস সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা পান।
এর সত্যতা নিশ্চিত করে শক্তিয়ারখলা ভিট অফিসার রতীন্দ্র কিশোর বলেন, ‘বারেকটিলার বাসিন্দা শহীদসহ ১৫-১৬ জনের একটি দল দীর্ঘদিন ধরে টিলার গাছ কেটে নিয়ে যাচ্ছে। এর সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সাথে পরামর্শ করে তাহিরপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা ১৬ জনের নামে একটি মামলা দায়ের করেছেন।’
উল্লেখ্য, দেশের উত্তর-পূর্ব দিগন্তে পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় ও ধলাইরগাঁও বিট অফিসের আওতাভুক্ত উত্তর বড়দল ইউনিয়নের সীমান্তবর্তী স্থানে ৩৬৫ একর জায়গাজুড়ে বাংলার আইফেল টাওয়ার খ্যাত বারেকটিলার অবস্থান। বিশাল বনভূমিতে নিজস্ব ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিতে বলিয়ান আদিবাসী ও বাঙালী বসতি, গাছ, পাখির সৌন্দর্য ভরপুর থাকলেও গত এক যুগের ব্যবধানে টিলায় প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।



