সুন্দরবন থেকে বিষ দিয়ে ধরা ১৫০ কেজি চিংড়িসহ একটি নৌকা জব্দ করেছে বন বিভাগ।
রোববার (১২ জুলাই) ভোর ৫টার দিকে বজবজা বন টহল ফাঁড়ির অধিনস্থ জোড়শিং লঞ্চঘাট সংলগ্ন হারেস খালী নদীর পাড় থেকে এসব চিংড়ি মাছসহ নৌকা জব্দ করা হয়। এ সময় জেলেরা বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে নৌকা ফেলে পালিয়ে যায়। তবে মাছগুলো বিষ দিয়ে মারা ছিল। ঘটনাস্থল থেকে অবৈধ ভেশাল জাল সহ ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মো: নাসির উদ্দীনের নেতৃত্বে যৌথ এ অভিযান পরিচালিত হয়। এ সময় অভিযানকালে খুলনা রেঞ্জের স্মার্ট টিম লিডার মো: শাহিনুর রহমান ও বজবজা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিব তালুকদার উপস্থিত ছিলেন। দুপুরে কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালত চত্বরে জব্দকৃত চিংড়ি মাছ পচনশীল হওয়ায় আদালতের নির্দেশক্রমে মাটিতে পুতে বিনষ্ট করা হয়।
বজবজা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিব তালুকদার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের অবৈধভাবে প্রবেশ করে বিষ দিয়ে চিংড়ি ধরে লোকালয়ে নিয়ে যাচ্ছে এমন সময় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি নৌকায় থাকা প্রায় ১৫০ কেজি বিষযুক্ত চিংড়ি উদ্ধার করা হয়। পাশাপাশি মাছ শিকারে ব্যবহৃত নৌকাটিও জব্দ করা হয়েছে। তবে গভীর রাতে নৌকা থেকে নদীতে লাফ দিয় পালিয়ে যাওয়ার কারণে আসামিদের সনক্ত করা সম্ভাব হয়নি।’
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো: শরিফুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে বন আইনে মামলা করা হয়েছে। জব্দকৃত চিংড়ি মাছ কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিক্রমে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে ।’
ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।



