গাজীপুরে টঙ্গীতে মহাসড়কের পাশে এক যুবকের কয়েক ভাগে খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার টঙ্গীর স্টেশন রোড এলাকায় নান্না বিরিয়ানির হাউজের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ থেকে খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। লাশের খণ্ডিত অংশগুলো ট্রাভেল ব্যাগের ভেতর রেখে কালো পলিথিনে মোড়ানো ছিল।
স্থানীয়রা জানায়, সকালে ব্যাগটি দেখতে পেয়ে এক পথশিশু পাশের দোকনাদার ও লোকজনকে ডাক দেয়। তারা ব্যাগ খুলে এক যুবকের কয়েক টুকরো লাশ দেখতে পায়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৃথক তিনটি পলিথিন ব্যাগে লাশের খণ্ডিত অংশগুলো উদ্ধার করে। তিন ব্যাগ-ভর্তি যুবকের মাথা, দুই হাত, শরীরের পেছনের অংশ, নাড়ি-ভুড়ি, বাম পা, বাম পায়ের ঊরুর পৃথক কয়েকটি অংশ উদ্ধার করা হয়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, দুই-তিনি দিন আগে দুর্বৃত্তরা তাকে অন্য কোনো স্থানে হত্যা করে লাশ টঙ্গীতে মহাসড়কের পাশে ফেলে রেখে গেছে।
তিনি আরো জানান, উদ্ধার হওয়া লাশের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে লাশের খণ্ডিত অংশগুলো গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিক্যাকলেজ হাসাপাতাল মর্গে পাঠানো হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।



