ঝালকাঠির কাঁঠালিয়ায় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদের বিরুদ্ধে এক প্রবাসীর জমি দখল ও চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে প্রবাসী রিয়াজ তালুকদারের স্ত্রী হনুফা বেগম প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা মামুনুর রশীদ।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ১ নম্বর চেঁচরী রামপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামের মরহুম শাহজাহান তালুকদারের ছেলে রিয়াজ তালুকদার সৌদি প্রবাসী। রিয়াজ তালুকদার আড়াই একর জমি কিনে সেই জমির একটি অংশে পাকা ভবন করেছেন। বাকি জমি খালি থাকায় একই এলাকার জাকির ও ছগির হোসেন পাঁচটি দাগে জমি কিনে এক দাগ থেকে দখলের চেষ্টা করে। এ নিয়ে স্থানীয়ভাবে অনেকবার সালিশ ব্যবস্থা হয়েছে। তবে জাকির ও তার ভাই তা মানেন না। বাধ্য হয়ে প্রবাসীর স্ত্রী হনুফা বেগম ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে একটি মামলা করেন।
পুলিশ নিষেধাজ্ঞার নোটিশ জারি করলেও জাকির ও ছগির দলবল নিয়ে তা অমান্য করে সেখানে কাজ করতে আসেন। রিয়াজ তালুকদার প্রবাসে থাকায় জাকির ও ছগিরের পক্ষ হয়ে বিএনপি নেতা মামুনুর রশীদ দলবল নিয়ে ওই জমি দখলের চেষ্টা করেন। বাধা দিলে প্রবাসীর স্ত্রীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন এবং চাঁদা দাবি করেন।
অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা মামুনুর রশীদ জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী। সমাজে এবং দলীয়ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাসের রায়হান জানান, বিরোধপূর্ণ জমিতে কোর্টের আদেশে নিষেধাজ্ঞার নোটিশ জারি করা হয়েছে। যে যে অবস্থায় আছে, সেই অবস্থায় থাকতে বলা হয়েছে। ভয়ভীতি ও চাঁদার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।



