পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা
রাজশাহীর পুঠিয়ায় ওয়াহেদ আলী নামের এক খাদ্যবান্ধব ডিলারের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে সরকার দলীয় নেতাদের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) এ ঘটনায় পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন তিনি।
ওয়াহেদ আলী ওই ইউনিয়নের বাঁশপুকুর বাজারের খাদ্যবান্ধব ডিলার ও বেলপুকুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার বাঁশপুকুর বাজারে খাদ্যবান্ধবের চাল বিক্রয় কার্যক্রম শুরু করে। চাল বিক্রয় শুরু করার কিছুক্ষণ পর বাঁশপুকুর গ্রামের আসলামের ছেলে ও জিয়া মঞ্চ পুঠিয়া উপজেলার সদস্য সচিব লিটন, মরহুম আজিমুদ্দিনের ছেলে ও ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোস্তাকিন এবং এছার আলীর ছেলে ও ১ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ওয়াহেদের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তারা তার বিক্রয় কার্যক্রম বন্ধ করে দেয়ার হুমকি দেয়।
এ সময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে অভিযোগ পেয়ে বেলপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে চাঁদাবাজরা ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়েন।
অভিযুক্ত লিটন, মোস্তাকিন ও আশরাফুলে সাথে যোগাযোগ করা হলে তারা জানায়, তারা ওজনে কম ও ডিলারের স্বজনপ্রীতির অভিযোগ পেয়ে সেখানে গিয়ে তার এ অনৈতিক কাজের প্রতিবাদ করেন। ওয়াহেদ এ সব অনৈতিক কাজ থেকে বাঁচার জন্য আমাদের বিরুদ্ধে চাঁদার অভিযোগ তুলেছে।
ওয়াহেদ আলী বলেন, ‘যারা চাঁদা চেয়েছে তারা বিএনপির রাজনীতির সাথে জড়িত। চাঁদা না দিলে এখানে খাদ্যবান্ধব ডিলার চালানো যাবে না বলে তারা হুমকি দিয়েছে। তবে তারা চাঁদার পরিমাণ উল্লেখ করছে না। চাঁদাবাজরা এক লাখ না পাঁচ লাখ টাকা চায় নাকি আমার পুরো সম্পত্তি চায় এ বিষয়ে তারা মুখ খুলছে না। শুধু বলছে টাকা না দিলে ডিলার চালানো যাবে না।’
এ ব্যাপারে পুঠিয়ার ইউএনও লিয়াকত সালমান জানান, চাঁদা দাবির লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার জন্য বেলপুকুর থানা পুলিশকে বলা হয়েছে।



