ডুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচি ও জলবায়ুবিষয়ক মুক্ত আলোচনা অনুষ্ঠিত

‘জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সচেতনতা ও কার্যকর উদ্যোগ অপরিহার্য। একটি বৃক্ষ রোপণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলার ভিত্তি।’

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর
ডুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচি
ডুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচি |নয়া দিগন্ত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও জলবায়ুবিষয়ক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেইঞ্জ অ্যান্ড সাসটেইনেবিলিটি রিসার্চ (৩সিএসআর)-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে শহীদ তাজউদ্দীন আহমদ হল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে ‘জলবায়ু পরিবর্তন : আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিসি অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো: আরেফিন কাওসার। সভাপতিত্ব করেন ৩সিএসআর-এর পরিচালক অধ্যাপক ড. মো: মনোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি মোহাম্মদ ইকবাল বলেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সচেতনতা ও কার্যকর উদ্যোগ অপরিহার্য। একটি বৃক্ষ রোপণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলার ভিত্তি।’

প্রো-ভিসি পরিবেশবান্ধব জীবনধারা ও সবুজায়নের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনায় শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।