মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় একটি মসজিদের জন্য আইপিএসের ব্যাটারি এবং এক অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ, জামালপুর।
শুক্রবার (৩১ জুলাই) জুমার নামাজের পর উপজেলার বিভিন্ন স্থানে এসব সহায়তা বিতরণ করা হয়।
সংগঠন সূত্রে জানা যায়, জোড়খালী ইউনিয়নের রামচন্দ্রপুর দক্ষিণ জাবেলে জামে মসজিদের জন্য প্রায় ২৮ হাজার টাকা মূল্যের একটি আইপিএসের ব্যাটারি প্রদান করা হয়। এছাড়া পশ্চিম গজারিয়া গ্রামের প্রয়াত দুলালের চার সন্তানের জননীর হাতে পরিবারের জরুরি প্রয়োজন মেটাতে ১৭ হাজার টাকা নগদ অর্থ তুলে দেয়া হয়।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ, জামালপুরের উপদেষ্টা সদস্য শাহজাহান সিরাজ ও সামিউল ইসলাম, সভাপতি রিয়াজুল ইসলাম রুবেল, সহ-সভাপতি শহীদ রানা এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।
এ সময় বক্তারা বলেন, ‘সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের সংগঠনের মূল লক্ষ্য। প্রবাসীদের আন্তরিক সহযোগিতায় আমরা নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছি। ভবিষ্যতেও শিক্ষা, চিকিৎসা, ধর্মীয় প্রতিষ্ঠান ও দরিদ্র মানুষের কল্যাণে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।’



