ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা জেলার ছয়টি আসনে এবার ৩৮ জন প্রার্থী লড়ছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলসহ কয়েকটি দলের শীর্ষ নেতারা প্রার্থী তালিকায় খুলনা এবার একটু আলাদা গুরুত্ব বহন করছে। তাদের মধ্যে কয়েকজনের ভোটদানের সময়সূচি পাওয়া গেছে।
দলীয় সূত্রে প্রাপ্ত তথ্যমতে, খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার সকাল সাড়ে ৭টায় শিরোমনি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। ওই আসনের বিএনপি প্রার্থী আলী আসগার লবি নগরীর (খুলনা-২ আসনের আওতাধীন) সেন্ট যোসেফস হাইস্কুল কেন্দ্রে ভোট প্রদান করবেন। তবে সময়টি জানা যায়নি।
খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনের বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু সকাল সাড়ে ৮টায় টুটপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল সকাল সাড়ে ৭টায় মতিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আমানুল্লাহ সকাল ১০টায় ময়লাপোতা আহসান উল্লাহ কলেজ কেন্দ্রে ভোট দেবেন।
খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর-আড়ংঘাটা) আসনে বিএনপি প্রার্থী দলের কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী নেতা রকিবুল ইসলাম বকুল মাওলানা ভাসানী বিদ্যাপীঠে ভোট প্রদান করবেন। কিন্তু কখন দেবেন সেটি জানা যায়নি। এ আসনে জামায়াত প্রার্থী মোহাম্মদ মাহফুজুর রহমান সকাল ৮টায় দৌলতপুর থানাধীন কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস কেন্দ্রে এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আব্দুল আউয়াল খুলনা-২ আসনের আওতাধীন ২৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম বানিয়াখামার হাফিজিয়া মাদরাসা কেন্দ্রে ভোট দেবেন।
খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনে বিএনপি প্রার্থী কেন্দ্রীয় কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে রূপসা উপজেলার আইচগাতি সবুরুননেছা মহিলা কলেজ কেন্দ্রে এবং এ আসনের দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মো: সাখাওয়াত হোসাইন সকাল ৮টায় রূপসা উপজেলার কাজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। এ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী অধ্যক্ষ ইউনুস আহমাদ রূপসার ২ নম্বর শ্রীফলতলা ইউনিয়নের ৪ নম্বর মৈশাগুনি গ্রামের জেবিএম মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টায় ভোট দেবেন।
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের জামায়াত প্রার্থী মো: আবুল কালাম আজাদ সকাল সাড়ে ৭টায় কয়রার গড়িয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। তবে নিজ এলাকা থেকে এক শ’ কিলোমিটার দূরের আসনের প্রার্থী হওয়ায় নিজের ভোট যেমন দিতে পারছেন না খুলনা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পী। তিনি ভোটের দিন তার নিজ নির্বাচনী এলাকা কয়রা-পাইকগাছায় সময় কাটাবেন।
খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমির এজাজ খান বটিয়াঘাটা খারাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টায় এবং ওই আসনের জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী সকাল সাড়ে ৭টায় ডুমুরিয়ার চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম সাদ্দামও খুলনা-২ আসনের ভোটার। তিনি সকাল ৯টায় গোবরচাকা ন্যাশনাল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন বলে খুলনা মহানগর শিবির সভাপতি আরাফাত হোসেন মিলন জানান।



