কুড়িগ্রামে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে ৮০ শতাংশ কোটি দাবি

পরিচ্ছন্নতাকর্মী পদটি মূলত শারীরিক সক্ষমতা ও বাস্তব কাজের অভিজ্ঞতার ওপর নির্ভরশীল। এ ক্ষেত্রে লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্যতা নির্ধারণ অনেক সময় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় না। ফলে দীর্ঘদিন ধরে এ পেশায় যুক্ত অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিরা ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় থাকেন।

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম

Location :

Kurigram
কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি  পালন করে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ
কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ |নয়া দিগন্ত

কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োগে লিখিত পরীক্ষা শিথিল করে ব্যবহারিক ও দক্ষতার ভিত্তিতে নিয়োগ প্রদান এবং অবহেলিত অনগ্রসর হরিজন জনগোষ্ঠীর জন্য ৮০ শতাংশ পদ সংরক্ষণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে কুড়িগ্রাম জেলা বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি স্বপন কুমার, সাধারণ সম্পাদক জয় কুমার, হরিজন মানবকল্যাণ সংগঠনের বাবু বাশফোর, উত্তম কুমারসহ হরিজন সম্প্রদায়ের নেতারা। কর্মসূচি শেষে তারা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন।

বক্তারা বলেন, পরিচ্ছন্নতাকর্মী পদটি মূলত শারীরিক সক্ষমতা ও বাস্তব কাজের অভিজ্ঞতার ওপর নির্ভরশীল। এ ক্ষেত্রে লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্যতা নির্ধারণ অনেক সময় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় না। ফলে দীর্ঘদিন ধরে এ পেশায় যুক্ত অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিরা ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় থাকেন।

তারা আরো বলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে পরিচ্ছন্নতা পেশার সঙ্গে যুক্ত অবহেলিত ও পিছিয়ে পড়া হরিজন জনগোষ্ঠী এখনো সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের শিকার। তাদের জন্য পরিচ্ছন্নতাকর্মীর পদ কেবল একটি চাকরি নয়, বরং মর্যাদার সঙ্গে জীবিকা নির্বাহের অন্যতম অবলম্বন।

মানবিক দৃষ্টিভঙ্গি ও সামাজিক ন্যায়বিচারের স্বার্থে লিখিত পরীক্ষা শিথিল করে ব্যবহারিক ও দক্ষতার ভিত্তিতে নিয়োগ দেওয়ার দাবি জানান তারা। পাশাপাশি বংশানুক্রমে এ পেশায় যুক্ত হরিজন জনগোষ্ঠীর জন্য ন্যূনতম ৮০ শতাংশ পদ সংরক্ষণ নিশ্চিত এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সামাজিক বাস্তবতার প্রতিফলন ঘটানোর আহ্বান জানান বক্তারা।