সিলেটে ভিসা প্রতারণা, অভিযুক্ত ইমন আটক

বিদেশে পাঠানোর নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত ভিসা প্রতারণা চক্রের অন্যতম হোতা ইমন উদ্দিনকে আদালত প্রাঙ্গণ থেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ভুক্তভোগীরা।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে ভিসা প্রতারণা, অভিযুক্ত ইমন আটক
সিলেটে ভিসা প্রতারণা, অভিযুক্ত ইমন আটক |নয়া দিগন্ত

বিদেশে পাঠানোর নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত ভিসা প্রতারণা চক্রের অন্যতম হোতা ইমন উদ্দিনকে আদালত প্রাঙ্গণ থেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ভুক্তভোগীরা।

মঙ্গলবার (২ জুন) দুপুরে জামিন নিতে আদালতে গেলে প্রতারণার শিকার কয়েকজন ভুক্তভোগী তাকে শনাক্ত করেন। পরে তারা ইমন উদ্দিনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

অভিযোগ রয়েছে, সিলেট নগরীর উপশহর এলাকায় অবস্থিত AMEX Associates নামের একটি কনসালটেন্সি প্রতিষ্ঠানের মাধ্যমে ইমন উদ্দিন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ইউরোপ ও কানাডায় পাঠানোর নামে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন।

ভুক্তভোগীদের দাবি, প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগমাধ্যমে সাজানো ও ভুয়া ভিসা প্রাপ্তির ভিডিও প্রচার করে গ্রাহকদের আকৃষ্ট করত। বিশেষ করে মাত্র ১ হাজার টাকায় ভিসা পাওয়ার নাটক সাজিয়ে কানাডার ভিসা এবং সহজ শর্তে ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে তারা অর্থ সংগ্রহ করত।

অভিযোগ অনুযায়ী, চক্রটি প্রায় ৭০০ জন তরুণ-যুবকের কাছ থেকে জনপ্রতি ১ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত আদায় করে। এতে অন্তত ৭ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। প্রতারণার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর গত ১৯ মে প্রতিষ্ঠানটির কার্যালয়ে তালা ঝুলিয়ে আত্মগোপনে চলে যান ইমন উদ্দিন ও তার সহযোগীরা। একই সাথে তাদের পরিচালিত ফেসবুক পেজও বন্ধ করে দেয়া হয়।

ভুক্তভোগীরা বিষয়টি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নজরে আনলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয় বলে জানা গেছে।

এদিকে, ইমনের সহযোগী জাবের আহমদসহ চক্রের অন্য সদস্যরা দেশত্যাগের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তারা দ্রুত বাকি অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

শাহপরান (র.) থানার ওসি ফেরদৌস আহমদ বলেন, অভিযোগের বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।