গফরগাঁওয়ে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল

পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামতলা মোড়ে এসে মিছিলটি শেষ হয়।

রফিকুল ইসলাম খান, গফরগাঁও (ময়মনসিংহ)

Location :

Gaffargaon
গণমিছিল
গণমিছিল |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী গফরগাঁও উপজেলা শাখার উদ্যোগে এ মিছিলটি অনুষ্ঠিত হয়। পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামতলা মোড়ে এসে মিছিলটি শেষ হয়।

গণমিছিলে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মিছিলের আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে ইমামবাড়ী ঈদগাহ মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে ১১ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা ইসমাঈল হোসেন সোহেল।

মাওলানা ইসমাঈল হোসেন সোহেল বলেন, ‘আমি ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। গফরগাঁওবাসীর মৌলিক অধিকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করাই আমার প্রধান অঙ্গীকার। আল্লাহ যদি আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেন, তাহলে এ জনপদকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত গফরগাঁও হিসেবে গড়ে তুলব।’

তিনি আরো বলেন, ‘আমরা সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, মাদকমুক্ত গফরগাঁও গড়তে চাই। নিরাপদ, উন্নত ও সমৃদ্ধ গফরগাঁও গড়তে একবার দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন।’

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক ও এনসিপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাজহারুল ইসলাম, পাগলা থানার আমির মাওলানা ইমদাদুল হক, সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, গফরগাঁও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম, গফরগাঁও উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মমিনুল হক, সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস উদ্দিন ফরাজি, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার মহাসচিব অধ্যক্ষ একরাম উল্লাহ, ঢাকার ওয়ারী থানা জামায়াতের আমির মোতাসিম বিল্লাহ, ডাকসুর পরিবেশ ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, ময়মনসিংহ স্বদেশ হাসপাতালের এমডি শামসুদ্দোহা মাসুম, ঢাকা সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আশরাফুজ্জামান, গফরগাঁও উপজেলা বিডিপি সভাপতি অ্যাডভোকেট মাহবুবে রসুল, গফরগাঁও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল আনসারী, একুশে টেলিভিশনের বার্তা প্রযোজক আনোয়ারুল কাইয়ুম কাজলসহ অন্য নেতারা।