চলন্ত ট্রেনের ছাদে ছুরিকাঘাত করে ছিনতাই

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত ট্রেনের ছাদে আব্দুল করিম (২২) নামে এক যুবককে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
চলন্ত ট্রেনে ছুরিকাঘাতে আহত যুবক
চলন্ত ট্রেনে ছুরিকাঘাতে আহত যুবক |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত ট্রেনের ছাদে আব্দুল করিম (২২) নামে এক যুবককে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের কাওরাইদ রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের ছাদে এ ঘটনা ঘটে। ট্রেনটি ময়মনসিংহ থেকে গফরগাঁও হয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল।

আহত আব্দুল করিম জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাসিন্দা।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনে ছাদে ভ্রমণ করছিলেন করিম। ট্রেনটি কাওরাইদ স্টেশনে প্রবেশের আগমুহূর্তে ছিনতাইকারীরা তার ওপর হামলা চালায়। এ সময় তার ঘাড় ও পেটে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেন ছিনতাইকারীরা।

এ বিষয়টি টের পেয়ে ট্রেনের অন্যান্য যাত্রীরা কাওরাইদ রেলওয়ে স্টেশন থেকে গুরুতর আহত করিমকে ময়মনসিংহগামী যমুনা এক্সপ্রেস ট্রেনে তুলে দেন। ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে পৌঁছালে জিআরপি পুলিশ তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

পুলিশ আরো জানিয়েছে, ছিনতাইয়ের ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আহত যুবকের পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।