সুন্দরগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল জজ আব্দুল আউয়ালের

গাইবান্ধা জজ কোর্টে কাজ শেষে এক মুহুরীকে সাথে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। পথে বামনডাঙ্গা আল হিকমা দাখিল মাদরাসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়।

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা

Location :

Gaibandha
নিহত আব্দুল আউয়াল
নিহত আব্দুল আউয়াল |নয়া দিগন্ত

গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আব্দুল আউয়াল (৫৫) নামে এক সাবেক জজ।

রোববার (২৪ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের আলহিকমা দাখিল মাদরাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল আউয়াল বামনডাঙ্গা ইউনিয়নে জর্জের মোড়ের মনিরাম গ্রামের সৈয়দ আলী ব্যাপারীর ছেলে। তিনি গাজীপুরে যুগ্ম দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি আইনজীবী হিসেবে গাইবান্ধা জজ কোর্টে কাজ করছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয়দের ভাষ্য, গাইবান্ধা জজ কোর্টে কাজ শেষে এক মুহুরীকে সাথে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আব্দুল আউয়াল। পথে বামনডাঙ্গা আল হিকমা দাখিল মাদরাসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের ভাতিজা রাশেদুল ইসলামের দাবি করেন, আব্দুল আউয়ালকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একটি শালবন-সংক্রান্ত মামলায় অন্যায় সুবিধা না দেয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। এরপর থেকেই তিনি বরখাস্ত অবস্থায় ছিলেন। সম্প্রতি চাকরিতে ফেরার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পেয়েছিলেন তিনি। এ বিষয় নিয়ে তিনি বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছিলেন। একইসাথে গাইবান্ধা জজ কোর্টে আইন পেশাও চালিয়ে যাচ্ছিলেন তিনি।

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মুহুরী আসাদুল জানান, গাইবান্ধা থেকে মোটরসাইকেল চালাইতেছিলেন আব্দুল আউয়াল। পরে কিছু দূর আসার পর তিনি নিজে মোটরসাইকেল চালাতে শুরু করেন এবং আব্দুল আউয়াল পেছনে বসেন। সুন্দরগঞ্জের আল হিকমা দাখিল মাদরাসা এলাকায় পৌঁছালে রংপুর থেকে আসা একটি ট্রাক পিছন দিক দিয়ে চাপা দেয়।

তিনি আরো জানান, মোটরসাইকেলের গতি তখন কম ছিল। কীভাবে দুর্ঘটনা ঘটল, বুঝতে পারেননি তিনি। নিজেও পড়ে গিয়ে হাতে আঘাত পান। তার মাথায় হেলমেট ছিল। দুর্ঘটনার পর ট্রাকটি কিছু সময় থামলেও পরে দ্রুত চলে যায়।

তিনি বলেন, ‘আমি তখন সাবেক জর্জের বাড়িতে ফোন দেই। কিন্তু রিসিভ না হওয়ায় মোবাইল ও টাকাসহ জর্জ আউয়ালকে রাস্তায় ফেল রেখে খবর দিতে চলে যায়। পরে নিহতের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছান।’

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জর্জ সাহেবের লাশ উদ্ধার করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।