কুষ্টিয়ার দৌলতপুরে পরকিয়ার চেষ্টা ব্যর্থ হয়ে প্রতিপক্ষের ওপর গুলি চালিয়েছে শিহাব ও তার লোকজন। এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধসহ অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা দৌলতপুর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসাধিন রয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সাদিপুর-দফাদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মিজানুর ও আশরাফুল ইসলাম জানায়, স্থানীয় সন্ত্রাসী শিহাব এলাকায় পরকিয়া করে বেড়ায়। কিছুদিন আগে তাদের এক স্বজনের বাড়িতে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। বিষয়টি জানাজানি হলে মিজানুর বাদি হয়ে দৌলতপুর থানায় একটি অভিযোগ করেন। এতে ক্ষুব্ধ হয়ে লম্পট শিহাব সোমবার বেলা ২টার দিকে দফাদারপাড়া এলাকায় মিজানুরকে একা পেয়ে মারধর করেন। মিজানুরকে উদ্ধারে অন্যরা এগিয়ে আসলে শিহাবের নেতৃত্বে মানিক, দোয়েলসহ চার পাঁজজন হামলা চালায়। এ সময় শিহাবের ছোড়া গুলিতে আনিছুর রহমান, নওয়াব আলী, আশরাফুল ইসলাম গুলিবিদ্ধসহ জাহিদুল, সিদ্দিক, মিজানুর, সুমনসহ সাতজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার গুলিবিদ্ধ তিনজনকে কুষ্টিয়ায় প্রেরণ করেন। অন্যরা দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘তিনজন গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে।



