ময়মনসিংহের ভালুকায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় আলমগীর হোসেন (২৫) ও মো: ইকবাল হোসেন (২৬) নামে দুইজনকে হাতেনাতে ধরে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
রোববার (২৮ জুন) রাতে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আঙ্গারগাড়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
আলমগীর হোসেন ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের তামাট গ্রামের আবদুর রশিদের ছেলে এবং মো: ইকবাল হোসেন ডাকাতিয়া ইউনিয়নের ঢালুয়াপাড়ার মাইন উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, রোববার রাতে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আঙ্গারগাড়া গ্রামের ওয়াইজ উদ্দিনের বাড়ির কাছের পল্লী বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার খুলে নিচ্ছিল একদল চোর। ওই সময় ঘটনাটি টের পেয়ে স্থানীয়রা আলমগীর হোসেন ও মো: ইকবাল হোসেনকে ধরে পিটুনি দেয়। পরে তাদেরকে পুলিশে দেয়া হয়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহিদুল ইসলাম জানান, ট্রান্সফরমার চুরির ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান আছে।



