দীর্ঘ ২২ বছর একই বিদ্যালয়ে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সাথে শিক্ষকতা সমাপ্ত করায় নরসিংদীর রায়পুরা উপজেলার করিমগঞ্জ ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কবির উদ্দিনকে রাজকীয় বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে বিদ্যালয় মাঠে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের সভাপতি এস এম শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ রানা।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়পুরা উপজেলা শিক্ষা অফিসার মো: সোহরাব হোসেন ভূইয়া, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, করিমগঞ্জ দারুল উলুম আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা জয়নাল আবেদীন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খোরশেদ আলম, করিমগঞ্জ ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট মমিন মিয়া, আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য মো: জাহাঙ্গীর আলম, ইঞ্জিনিয়ার আবুল কালাম, আবদুল বাছেদ মৃধা, সমাজসেবক জাকির হোসেন ও আব্দুর রহমান ভূইয়া প্রমুখ।
এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বিদ্যালয়ের বর্তমান এবং সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে তাকে সংবর্ধনা প্রদান করেন।
অনুষ্ঠান শেষে প্রধান শিক্ষক মো: কবির উদ্দিনকে ঘোড়ার গাড়িতে তুলে নিজ বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়া হয়। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে স্থানীয়রা হাত নেড়ে শুভেচ্ছা জানান।
বিদ্যালয়ের সভাপতি এস এম শরীফ মিয়া বলেন, শিক্ষকরা জাতির মেরুদণ্ড। শিক্ষকদের মর্যাদা পিতামাতার মর্যাদা। তাই শিক্ষকের জন্য এমন ব্যতিক্রম আয়োজন।
এ সময় বক্তারা বলেন, মো: কবির উদ্দিন শুধু একজন শিক্ষক নন, তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষাগুরু। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীর মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছেন এবং সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।



