বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এগারো দলীয় জোট ও স্থানীয় বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (৪ মার্চ) বিকেলে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা ইসমাঈলের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আরিফ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি বলেন, 'আমরা এমন এক সময় অতিক্রম করছি, যখন মুনাফিক মুসলমানদের বিরুদ্ধে ইরানের ভাইয়েরা আপসহীন ভূমিকা পালন করছেন। আমরা আমাদের শহীদ ভাইদের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ যেন তাদের শাহাদাত ও ত্যাগ কবুল করেন।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ নাছের, কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম পশ্চিম জেলা সভাপতি ফরমানুর রহমান, বাঁশখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল আবছার এবং নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নেতা ক্বারী ফজলুল করিম জিহাদীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।



