রাজাপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

ঝালকাঠির রাজাপুর উপজেলায় মো: মিজানুর রহমান (৪২) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
রাজাপুর থানা, ঝালকাঠি
রাজাপুর থানা, ঝালকাঠি |নয়া দিগন্ত

ঝালকাঠির রাজাপুর উপজেলায় মো: মিজানুর রহমান (৪২) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) সকালে উপজেলার গালুয়া ইউনিয়নের নলবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান মৃত আলতাফের ছেলে। তিনি দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে মানসিক সমস্যার পাশাপাশি মাথার তীব্র যন্ত্রণায় ভুগছিলেন। গত কয়েক মাস ধরে তিনি রাতে ঘুমাতে পারতেন না এবং মাথার যন্ত্রণায় প্রায়ই চিৎকার করতেন। কিছুদিন আগে তাকে বরিশালের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো হয়। এর আগে একাধিকবার পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নেয়ার কথাও জানিয়েছেন স্বজনরা।

নিহতের বড় ভাই মো: নাছির উদ্দিন জানান, রাতে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন মিজানুর রহমান। রাত সাড়ে ১২টার দিকে মাথার যন্ত্রণায় কিছু সময় চিৎকার করলেও পরে আবার ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে তার বোন ঘুম থেকে ডাকার জন্য কক্ষে গিয়ে তাকে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখেন।

পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বিষয়টি রাজাপুর থানায় জানায়। খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।