মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মেলান্দহে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে শামছুদ্দিন আহমেদ রুবেল (৪০) নামে এক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়কে মেলান্দহের শাহাজাতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের পূর্ব কামারের চর এলাকার আব্দুল কদ্দুছের ছেলে। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী বাজারে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখা পরিচালনা করতেন।
আহতরা হলেন দেওয়ানগঞ্জের হাড়োয়া বাড়ি এলাকার জয়নাল আবেদিনের ছেলে নাজমুল হোসাইন (৪৫) ও ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জ এলাকার রফিকুল ইসলামের ছেলে প্রাইভেট চালক মেহেদী হাসান (২৮)।
পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ থেকে জামালপুরগামী একটি প্রাইভেটকার মেলান্দহের শাহাজাতপুর এলাকার পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা দেয়। এসময় প্রাইভেটকারে থাকা চালক মেহেদী, যাত্রী নাজমুল ও রুবেল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন। পরে আহত নাজমুল হোসাইন ও মেহেদী হাসানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: মুন্তাসির ইয়ামান আবিদ জানান, গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে হাসপাতালে আনার আগেই রুবেলের মৃত্যু হয়। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মেলান্দহ থানার পুলিশ উপ-পরিদর্শক জ্যোতির্ময় সরকার মিশু বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনার শিকার প্রাইভেটকারটি থানায় নেয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’



