গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দেশব্যাপী পদযাত্রার অংশ হিসেবে আগামীকাল বুধবার কুমিল্লায় পদযাত্রা ও সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার এনসিপির কুমিল্লা মহানগর কমিটির যুগ্ম সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মো: রাশেদুল হাসান জুলাই পদযাত্রা ও সমাবেশের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।
বুধবার বিকেল ৫টায় কুমিল্লায় টাউন হল মাঠে সমাবেশ করবে এনসিপি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন সমাবেশে।
কুমিল্লা টমছমব্রিজ থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কুমিল্লা টাউন হলে শেষ হবে।
মো: রাশেদুল হাসান জানান, চাঁদপুর থেকে এনসিপি নেতারা কুমিল্লায় দুপুরের মধ্যে উপস্থিত হবেন। দুপুরে কুমিল্লার জুলাই বিপ্লবে শহীদ ৩৮ পরিবারের সাথে খাবার খাবেন কেন্দ্রীয় নেতারা। পরে কুমিল্লা সদর দক্ষিণের শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত করবেন।
কুমিল্লায় জুলাই পদযাত্রা ও সমাবেশকে সফল করতে প্রস্তুতি চলছে। নগরীতে তোরণ নির্মান, ফেস্টুন লাগানো, মঞ্চ তৈরির কার্যক্রম চলছে। এনসিপি কেন্দ্রীয় নেতাদের বরণ করতে প্রস্তুত কুমিল্লা মহানগর ও জেলা কমিটির এনসিপির নেতাকর্মীরা।



