ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ভর্তি হয়েছে ৪০ শিশু। বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৯৪ শিশু।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান এ বিষয়টি নিশ্চিত করেন।
হাসপাতাল সূত্র জানায়, শিশুটির বয়স ছিল নয় মাস। তার বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়। গত ২ মে হামের উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৪০ শিশু এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৯ শিশু। এ সময় এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পরিসংখ্যান বলছে, গত ১৭ মার্চ থেকে ৭ মে পর্যন্ত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে এক হাজার ১৪৫ শিশু। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক হাজার ২৪ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে ২৭ শিশুর মৃত্যু হয়েছে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ‘হামে আক্রান্ত শিশুদের জন্য পৃথক আইসোলেশন ওয়ার্ডে বিশেষ ব্যবস্থাপনায় চিকিৎসা দেয়া হচ্ছে। প্রতিদিনই নতুন রোগী আসছে, যা উদ্বেগজনক।’
স্বাস্থ্যসংশ্লিষ্টরা বলছেন, টিকাদানে অনীহা, সচেতনতার ঘাটতি ও সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠছে। শিশুদের হামের টিকা নিশ্চিত করার পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনার তাগিদ দিয়েছেন তারা।



