সুনামগঞ্জে স্মৃতিসৌধে ফুল দেয়ার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য মনিষ কান্তি দে ও জেলা ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক শামীমকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মনীষ কান্তির বাড়ি শহরের নতুনপাড়ায় ও মিজানুর রহমান শামীম সদর উপজেলার মঙ্গলকাটা গ্রামের বাসিন্দা।
তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন সুনামগঞ্জ কোর্টের উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল হক।
এজহারে আসামি হিসেবে ২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আরো ৬০ জনকে আসামি করা হয়েছে। তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সুনামগঞ্জ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যসহ আরো লোক মিছিল নিয়ে আদালত চত্বরে থাকা স্মৃতিসৌধে স্লোগান দিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। মিছিলে প্রায় ২৫ জনের মতো ছিলেন।
এর মধ্যে জেলা আওয়ামী লীগের পদধারী কয়েকজন নেতাও ছিলেন। পরে মিছিল-স্লোগানের ভিডিও ও ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ মুঠোফোনে নয়া দিগন্তকে বলেন, ‘২৭ জনের নামে মামলাসহ অজ্ঞাত আরো ৬০ জনকে আসামি করা হয়েছে। আসামিরা সবাই মিছিল করেছেন। দুজনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠনো হলে আদালত তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।’



