চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অবৈধ পাচারকালে চার হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। এ সময় নয় চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
রোববার (১০ মে) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
সাব্বির আলম সুজন বলেন, চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন ডাংঙ্গারচরের ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন কর্ণফুলী নদীতে গত ৯ মে রাত ১০টার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কান্ডারী-৬ হতে চোরাইভাবে ওটি আজু শাহ নামক ওয়েল ট্যাঙ্কারে ডিজেল পাচারকালে প্রায় চার লাখ টাকা মূল্যের চার হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়। এ সময় জ্বালানি তেল চোরাকারবারির সাথে জড়িত থাকার অভিযোগে নয় জনকে আটক করা হয়।
তিনি বলেন, জব্দ করা জিজেল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি বন্দর কর্তৃপক্ষ অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে এবং সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে একটি কমিটি গঠন করে এ ঘটনার পুনরাবৃত্তি রোধকল্পে যথাযথ কার্যক্রম গ্রহণ করবে বলে জানায়।
তিনি আরো বলেন, অবৈধভাবে তেল মজুত ও চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



