নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার হাজিপুর এলাকায় সড়ক দখল করে অবৈধভাবে বালি রেখে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৬ জুলাই) দুপুরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাজিপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার প্রধান সড়কে বালি স্তূপ করে রাখায় জনসাধারণের চলাচল ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। জনদুর্ভোগ লাঘবে দুপুরে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধভাবে সড়কের ওপর বালি রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে স্থানীয় সরকার একটি মামলা করে। উক্ত মামলায় অভিযুক্ত ব্যক্তিকে অর্থদণ্ড করা হয়। একই সাথে তাৎক্ষণিকভাবে সড়ক থেকে বালি সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়।
বেগমগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাহাদাত হোসেন বলেন, ‘পৌরসভার রাস্তাগুলো জনগণের স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য। কেউ ব্যক্তিগত স্বার্থে রাস্তা দখল করে বালি, ইট বা নির্মাণ সামগ্রী রেখে জনদুর্ভোগ তৈরি করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। জনস্বার্থে ও জনভোগান্তি রোধে প্রশাসনের এই ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।’
অভিযান চলাকালে বেগমগঞ্জ মডেল থানার পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।



