ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। এর প্রভাবে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা ও গোমতী সেতুর টোলপ্লাজায় গত ৪৮ ঘণ্টায় ১ লাখ ১৪ হাজার যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে টোল আদায় হয়েছে ২ কোটি ৬২ লাখ টাকা।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদযাত্রার চাপ সামলাতে দুই সেতুর টোলপ্লাজায় ১২টি বুথ চালু রাখা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত লোকবল নিয়োজিত রয়েছে।
সড়ক ও জনপথ অধিদফতর (সওজ) সূত্রে জানা গেছে, গত ২৫ মে মেঘনা ও গোমতী সেতু দিয়ে প্রায় ৫৮ হাজার যানবাহন পারাপার হয়, সেদিন টোল আদায় হয় ১ কোটি ৪৩ লাখ টাকা। পরদিন ২৬ মে ছোট যানবাহনের সংখ্যা বেশি থাকায় ৫৬ হাজার যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয় ১ কোটি ১৯ লাখ টাকা।
প্রশাসনের ধারণা, ঈদ সামনে রেখে মহাসড়কে যানবাহনের চাপ আরো বাড়তে পারে। তবে অতিরিক্ত বুথ চালু থাকায় টোলপ্লাজায় যানজট তুলনামূলক কম রয়েছে।



