আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পটুয়াখালী জেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কলাপাড়া উপজেলার সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া পৌরসভা বিএনপির সভাপতি গাজী মো: ফারুক, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজল তালুকদার প্রমুখ।
মনোনয়নপত্র সংগ্রহকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ওই আসনে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আগে থেকেই নির্বাচনী কার্যক্রম শুরু করেছে।
উল্লেখ্য, নির্বাচন অফিস সূত্রে জনা যায়, কলাপাড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও দু’টি পৌরসভায় মোট ভোটার দু’ লাখ ১৪ হাজার ৪৮১ জন। যেখানে পুরুষ ভোটার এক লাখ আট হাজার ৮৩৬ জন এবং মহিলা ভোটার এক লাখ পাঁচ হাজার ৬৪৫ জন।
অন্যদিকে, রাঙ্গাবালী উপজেলার পাঁচটি ইউনিয়নে ৯৪ হাজার ৮৬৪ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৭ হাজার ৬৬১ জন এবং মহিলা ভোটার ৪৭ হাজার ২০৩ জন।



