ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় : মিন্টু

‘আমরা যদি বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারি, তাহলে সন্ত্রাস ও মাদকাসক্তির সংখ্যা বৃদ্ধি পাবে।’

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
ফেনী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি নির্বাচনে নবনির্বাচিতদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আবদুল আউয়াল মিন্টু
ফেনী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি নির্বাচনে নবনির্বাচিতদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আবদুল আউয়াল মিন্টু |নয়া দিগন্ত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এমপি বলেছেন, ‘ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব হবে না। কর্মসংস্থান হবে না। ঠিকমতো ব্যবসা-বাণিজ্য করার সুযোগ পেলে দেশে বেকার যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি হবে, শিক্ষিত-অর্ধশিক্ষিতদের চাকরি হবে।’

শনিবার (২৫ জুলাই) দুপুরে শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে ফেনী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি নির্বাচনে নবনির্বাচিতদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘আমরা যদি বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারি, তাহলে সন্ত্রাস ও মাদকাসক্তির সংখ্যা বৃদ্ধি পাবে। আইনশৃঙ্খলা ভালো থাকলে দেশে বিনিয়োগ বাড়ে। একটা দেশের অর্থনীতির নিয়ন্ত্রণ করে রাজনীতি। আর অর্থনীতি সমাজকে পরিশীলিত করে। সম্পদ সৃষ্টি করা দেশের জন্য জরুরি। ব্যবসা বাণিজ্যের মাধ্যমে যেমন দেশের সম্পদ সৃষ্টি হয়, তেমনি যারা সরকারে থাকে তাদের ওপর নির্ভর করে সৃষ্ট সম্পদের বিলি-বণ্টন। অতীত সরকার দেশে সৃষ্ট সব সম্পদ নিজেরা লুটপাট করে কেউ বিদেশে পাচার করেছে, কেউ দেশে লুকিয়ে রেখেছে।’

তিনি বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে চেষ্টার কোনো ত্রুটি করছেন না। উনার সাথে আমরাও দৌড়াচ্ছি।’

এফবিসিসিআইয়ের সাবেক এ সভাপতি বলেন, ‘সামাজিক শান্তি, রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতি ছাড়া সমাজ উন্নয়ন হয় না। উন্নয়নের জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে।’

তিনি ফেনীর বিভিন্ন সমস্যা সম্পর্কে বলেন, ‘আমরা সব এমপি ইতোমধ্যে জাতীয় সংসদে এসব বিষয় তুলে ধরেছি। ইতোমধ্যে মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ প্রকল্প একনেকে পাশ হয়েছে। লালপুলে ফ্লাইওভার, ফেনী মেডিক্যাল কলেজ, মুসাপুর রেগুলেটরসহ বিভিন্ন দাবি আশা করছি পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে। ’

অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক ও চেম্বারের পরিচালক মুশফিকুর রহমান পিপুলের সভাপতিত্বে এসময় জেলা প্রশাসক মনিরা হক নির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করান।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক জয়নাল আবদীন এমপি বলেন, ‘ফেনী সীমান্তে চোরাচালান ও মাদককারবার দিন দিন বেড়ে যাচ্ছে। এ অবস্থা রোধ করতে না পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে ধাবিত হবে।’

তিনি বলেন, ‘কেবল পুলিশের ওপর নির্ভর করে বসে থাকলে হবে না- সন্ত্রাসী, সমাজবিরোধী ও মাদক কারবারিদেরকে সবাই মিলে প্রতিহত করতে হবে।’

রেহানা আক্তার রানু বলেন, ‘দীর্ঘদিন পর ফেনীর মানুষ নির্বাচনের মাধ্যমে চেম্বার অব কমার্সের নতুন কমিটি পেয়েছে। এ জেলার ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে তারা নিশ্চয়ই ভূমিকা রাখবেন।’

তিনি বলেন, ‘ফেনীর সমস্যার সমাধানে আমরা সবাই মিলে চেষ্টা করছি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, এফবিসিসিআই সংস্কার উপকমিটির আহ্বায়ক জাকির হোসেন নয়ন, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, চেম্বারের সহ-সভাপতি আবুল কাশেম, ফরিদ উদ্দিন ও জাফর উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন নির্বাচিত কমিটির সভাপতি হারুন অর রশিদ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার, পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান, জিপি নুরুল আমিন খান, জামায়াতের কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, সাবেক জেলা আমির এ কে এম শামসুদ্দিন, বর্তমান জেলা আমির মুফতি আব্দুল হান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি নুরুল করিম, এনসিপির জেলা সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁইয়া, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত ও জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার ডেইজি, সাংগঠনিক সম্পাদক নুর তানজিলা রহমান।

উল্লেখ্য, এর আগে ২৭ জুন চেম্বারের নির্বাচনে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, জুনিয়র সহ-সভাপতিসহ ২৪ সদস্যের কমিটি নির্বাচিত হয়।