দিনাজপুর সীমান্তে দু’টি বিদেশি শুটারগানসহ গুলি ও মাদক উদ্ধার

তল্লাশি করে দু’টি বিদেশি ওয়ান শুটারগান, চার রাউন্ড গুলি, ১০০ বোতল ফেনসিডিল, ৫০০ পিস নেশাজাতীয় ইনজেকশন, ২৫ বোতল বিদেশি মদ এবং ২৭ বোতল আমলকুল জব্দ করা হয়।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের প্রেস ব্রিফিং
ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের প্রেস ব্রিফিং |নয়া দিগন্ত

দিনাজপুর সীমান্তে অভিযান চালিয়ে দু’টি বিদেশি ওয়ান শুটারগান, চার রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছেন বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের সদস্যরা।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে মোহনপুর বিওপির কোতয়ালী থানাধীন শংকরপুর ইউনিয়নের গিলাবাড়ী এলাকায় অভিযান চালানো হয়।

ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার পিএসসি প্রেস ব্রিফিংয়ে জানান, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন তাদের দায়িত্বপূর্ণ ছয়টি উপজেলা ও সীমান্ত এলাকায় বিশেষ টহল, অতিরিক্ত চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। এরই মধ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত কয়েক সপ্তাহ ধরে সীমান্ত এলাকায় নজরদারি চালিয়ে যাচ্ছে।

তিনি আরো জানান, বুধবার রাতে গিলাবাড়ী নামক স্থানে অভিযান চালানো হয়। এ সময় সীমান্ত পিলার ৩০৮/১৯-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চোরাচালানিদের গতিবিধি টের পেয়ে বিজিবি সদস্যরা এগিয়ে গেলে চোরাকারবারিরা মালামাল ভর্তি ছয়টি বস্তা ফেলে সীমান্ত পেরিয়ে পালিয়ে যান। পরে বস্তাগুলো তল্লাশি করে দু’টি বিদেশি ওয়ান শুটারগান, চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি ১০০ বোতল ফেনসিডিল, ৫০০ পিস নেশাজাতীয় ইনজেকশন, ২৫ বোতল বিদেশি মদ এবং ২৭ বোতল আমলকুল জব্দ করা হয়।

এ সময় উপ-অধিনায়ক মেজর মো: আমিনুর রহমান, বিজিডিও-৩২৫ সহকারী পরিচালক মো: মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।