চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের শাহজাহান চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় তিনি সাতকানিয়া উপজেলার ছমদর পাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হয়ে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট প্রদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে শাহজাহান চৌধুরী বলেন, আমি শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছি। দেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে। নির্বাচন যদি অবাধ ও নিরপেক্ষ হয় তাহলে জনগণের রায় যাই হোক আমরা তা মেনে নেব।
তিনি আরো বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় সবার দায়িত্ব রয়েছে। ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সকাল থেকে উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনকালে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী-পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের নিজ নিজ পছন্দের প্রতীকে ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তবে সকাল থেকে ভোটের কার্যক্রম শুরু হলেও এখনো পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা সংগঠিত হওয়ার সংবাদ পাওয়া যায়নি।
চট্টগ্রাম-১৫ আসনে জামায়াত, বিএনপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হলেও নির্বাচনের সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।



