নলডাঙ্গায় আগুনে পুড়ে গেছে ঘর, দগ্ধ ১

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে দুইটি কাঁচা ঘর, তিনটি গরু, প্রয়োজনীয় আসবাবপত্র এবং আদম আলীর অটোরিকশার ওপরের অংশ পুড়ে যায়।

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
আগুনে পুড়ে যাওয়া ঘর
আগুনে পুড়ে যাওয়া ঘর |নয়া দিগন্ত

নাটোরের নলডাঙ্গায় পিপরুল ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে আগুন লেগে পুড়ে গেছে দুইটি কাঁচা ঘর। এ সময় দগ্ধ হয়েছেন এক গৃহবধূ। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত ২টার দিকে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে দুইটি কাঁচা ঘর, তিনটি গরু, প্রয়োজনীয় আসবাবপত্র এবং আদম আলীর অটোরিকশার ওপরের অংশ পুড়ে যায়। আদম আলীর স্ত্রী গুরুতর দগ্ধ হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

নলডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: গোলাম মোস্তফা বলেন, ‘খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। তবে তাদের পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় আনুমানিক আড়াই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নুরে আলম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য জানা যাবে।’