জীবননগর সীমান্তে বিজিবির অভিযান, স্বর্ণের বারসহ আটক ১

প্রাথমিক তদন্তে স্বর্ণগুলো অবৈধভাবে পাচারের জন্য বহন করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ও বাজার মূল্য নির্ধারণের প্রক্রিয়া চলছে।

আতিয়ার রহমান, জীবননগর (চুয়াডাঙ্গা)

Location :

Jibannagar
স্বর্ণের বারসহ আটক সেকেন্দার আলী
স্বর্ণের বারসহ আটক সেকেন্দার আলী |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চারটি স্বর্ণের বার ও চারটি স্বর্ণের টুকরাসহ সেকেন্দার আলী (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৪ জুন) সকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীন মেদিনীপুর বিওপি ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

সেকেন্দার আলী ওই উপজেলার গোয়ালপাড়া গ্রামের কাসেদ আলীর ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় নিয়মিত টহলের সময় মেদিনীপুর সীমান্তের ৬৪ নম্বর সীমান্ত পিলার থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার একটি সীমান্তবর্তী এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে চারটি স্বর্ণের বার এবং চারটি স্বর্ণের টুকরা উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, প্রাথমিক তদন্তে স্বর্ণগুলো অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ও বাজার মূল্য নির্ধারণের প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তি ও জব্দকৃত স্বর্ণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার ব্যাপারে জীবননগর থানায় মামলা হয়েছে।’