গাজীপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সম্মানে রোববার ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলা শাখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রশিবিরের সভাপতি ইঞ্জিনিয়ার ইসমাইল পাঠান এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি বায়জিদ মাহমুদ।
ইফতার মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক গাজীপুর জেলা সভাপতি মুস্তাফিজুর রহমান এবং সংগঠনের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য আব্দুল জলিল আকন্দ।
এছাড়াও গাজীপুর জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সিনিয়র সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ছাত্ররাজনীতিতে কথার সাথে কাজের সামঞ্জস্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজে অস্থিতিশীলতা সৃষ্টি করে এমন কোনো মব সংস্কৃতি থেকে দূরে থেকে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ বজায় রাখতে হবে। একইসাথে সকলের মতামতকে গুরুত্ব দিয়ে অংশীদারত্বমূলক পরিবেশ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রসংসদ নির্বাচনসহ বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে ছাত্রশিবিরের সুশৃঙ্খল ও সক্রিয় অংশগ্রহণ তাদের নেতৃত্ব বিকাশ ও সাংগঠনিক সক্ষমতার ইতিবাচক প্রতিফলন।
অনুষ্ঠানে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রেখে সমাজ ও দেশের কল্যাণে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।



